আন্তর্জাতিক বাণিজ্যে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধান উপদেষ্টা
Printed Edition
বাসস
আন্তর্জাতিক বাণিজ্যসহায়তা ও সহজীকরণের পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষা, নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে কাস্টমস কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি গতকাল এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ঘোষিত এবারের প্রতিপাদ্য- ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’-কে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো দিবসটি উদযাপন হচ্ছে। এ উপলক্ষে তিনি বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও অংশীজনদের অভিনন্দন জানান।
বাণীতে অধ্যাপক ইউনূস বলেন, আন্তর্জাতিক বাণিজ্যসহায়তা ও সহজীকরণের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ বিশ্বব্যাপী রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষা, নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ এবং সীমান্ত অংশীদারিত্ব শক্তিশালীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সাথে আমদানি ও রফতানি বাণিজ্যব্যবস্থা সহজীকরণে বন্ড অটোমেশন সিস্টেম চালুসহ কাস্টমস কার্যক্রম আধুনিকায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিতামূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবসম্পদ উন্নয়ন ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কাস্টমস প্রশাসন অবৈধ বাণিজ্য, চোরাচালান, মাদক ও অর্থপাচার প্রতিরোধে ভূমিকা রেখে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করছে।
বাণীতে তিনি আরো বলেন, পেশাগত দক্ষতা, বিশেষায়িত জ্ঞান ও দায়িত্বশীলতার মাধ্যমে বাংলাদেশের কাস্টমস কর্মকর্তারা একটি আধুনিক ও বিশ্বাসযোগ্য প্রশাসনিক ব্যবস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
নারী ফুটসাল দলকে অভিনন্দন : বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে। সেই সাথে তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।