ফ্রান্সে ইসরাইলি খেজুর বয়কটের ডাক
Printed Edition
আনাদোলু এজেন্সি
ফ্রান্সভিত্তিক সংগঠন ইউরোপ্যালেস্টাইন অ্যাসোসিয়েশন অধিকৃত পশ্চিমতীরের অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত খেজুর বয়কটের আহ্বান জানিয়েছে। বুধবার সংগঠনটি এই আহ্বান জানায়। পবিত্র রমজান মাসে মুসলিমদের খেজুরের চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে।
আনাদোলু এজেন্সির সাথে কথা বলার সময় অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলিভিয়া জেমোর জানান, ফ্রান্সে বিক্রি হওয়া ‘মেডজুল’ ব্র্যান্ডের খেজুরের একটি বড় অংশ অবৈধ ইসরাইলি বসতি অথবা দখলদারিত্বে জড়িত কোম্পানিগুলো থেকে আসে। জেমোর অভিযোগ করেন, কিছু খেজুরের বাক্সে উৎপত্তিস্থল হিসেবে জর্দান বা মরক্কোর নাম উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে সেগুলো ইসরাইলি পণ্য। তিনি উল্লেখ করেন, বয়কট অভিযানের অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা সুপারমার্কেটে গিয়ে ক্রেতাদের সচেতন করছেন। তাদের মূল লক্ষ্য হলো ক্রেতাদের বিকল্প পণ্য কিনতে উৎসাহিত করা। ফরাসি বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে জেমোর বলেন, ‘বিক্রেতাদের অবশ্যই পণ্যের উৎপত্তিস্থল স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, বিশেষ করে শুকনো ফলের ক্ষেত্রে।’ তিনি জোর দিয়ে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আসা পণ্যগুলোকে ‘ইসরাইল’ এর পণ্য হিসেবে ট্যাগ করা যাবে না। তিনি আরো দাবি করেন, এসব পণ্য বয়কট করা হলে তা ইসরাইলি অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া কিছু বহুজাতিক খাদ্য কোম্পানিও তাদের ‘বয়কটের তালিকায়’ রয়েছে বলে তিনি জানান।