সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূততে মাথাচাড়া

কমেছে কৃষি, শিল্প ও সেবা খাতে মজুরি হার

Printed Edition

বিশেষ সংবাদদাতা

অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কমলেও খাদ্যবহির্ভূত খাতে এই হার মাথাচাড়া দিয়েছে। দেশে সাধারণ বা সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গেল আগস্ট মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। তবে সার্বিক, শহর ও গ্রামে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। গ্রামে এটি ৯.৫৯ শতাংশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত ভোক্তা মূল্য সূচক ও মূল্যস্ফীতির হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে মজুরি সূচকও কমেছে।

জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতি : বিবিএস’র হালনাগাদ তথ্যে জানা গেছে, আগস্টে ২০২৬ সালের এ খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯.০২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে হয়েছে ৯.০২ শতাংশ। যা জুলাই ২০২৬-এ ছিল যথাক্রমে ৯.১৬ ও ৯.২৮ শতাংশ এবং আগস্ট ২০২৫-এ ছিল যথাক্রমে ৯.৬০ ও ৮.৯০ শতাংশ।

গ্রামীণ অঞ্চলে মূল্যস্ফীতি

২০২৬ সালের আগস্টে গ্রামীণ পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিক মূল্যস্ফীতি হয়েছে ৮.৩১ শতাংশ। যা জুলাই ২০২৬-এ ছিল ৮.৩৬ শতাংশ এবং আগস্ট ২০২৫-এ ছিল ৮.৩৯ শতাংশ। আলোচ্য মাসে গ্রামীণ এলাকায় খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯.০৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে হয়েছে ৯.৫৯ শতাংশ। জুলাই ২০২৬-এ এই হারগুলো ছিল যথাক্রমে ৯.১৪ ও ৯.৫৩ শতাংশ এবং আগের বছর আগস্টে ছিল যথাক্রমে ৯.৫০ ও ৯.২৮ শতাংশ।

শহর অঞ্চলে মূল্যস্ফীতি

আর আগস্ট ২০২৬ সালের শহর পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পজিশন ভিত্তিক মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে ৮.২০ শতাংশ। জুলাই ২০২৬ ও আগস্ট ২০২৫ উভয় সময়েই এই হার ছিল ৮.২৪ শতাংশ। শহর অঞ্চলে আগস্ট ২০২৬-এ খাদ্য খাতের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯.০৮ শতাংশ (জুলাই ২০২৬-এ ছিল ৯.২১ শতাংশ এবং আগস্ট ২০২৫-এ ছিল ৯.৬৯ শতাংশ)। অপর দিকে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৯ শতাংশ (জুলাই ২০২৬-এ ছিল ৮.১০ শতাংশ এবং আগস্ট ২০২৫-এ ছিল ৮.৪৯ শতাংশ)।

সার্বিকভাবে, গত বছরের একই সময়ের তুলনায় দেশের কিছু কিছু খাতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমলেও, জুলাই ২০২৬-এর তুলনায় আগস্ট ২০২৬-এ জাতীয় ও শহর অঞ্চলে সাধারণ মূল্যস্ফীতির হার সামান্য ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে।

জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি হার

বিবিএসের তথ্য বলছে, আগস্ট ২০২৬ সালের জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মজুরি হার হয়েছে ৮.০৫ শতাংশ। জুলাই ২০২৬ এ এই হার ছিল ৮.২২ শতাংশ এবং গত বছরের আগস্ট মাসে (২০২৫) এটি ছিল ৮.১৫ শতাংশ। আর আগস্ট ২০২৬ এ দেশের তিনটি বৃহৎ খাতে (কৃষি, শিল্প ও সেবা) মজুরি হার কমেছে। আগস্ট ২০২৬ এ কৃষি খাতের মজুরি হার কমে হয়েছে ৮.০৯ শতাংশ। যা জুলাই ২০২৬ এ ছিল ৮.২৪ শতাংশ এবং আগস্ট ২০২৫ এ ছিল ৮.২৮ শতাংশ। শিল্প খাতে আগস্ট ২০২৬ এ মজুরি হার দাঁড়িয়েছে ৭.৯৭ শতাংশ। যা জুলাই ২০২৬ এ ছিল ৮.১৫ শতাংশ এবং আগস্ট ২০২৫ এ ছিল ৯.১৩ শতাংশ। সেবা খাতের মজুরি হার কমে হয়েছে ৮.২৫ শতাংশ। যা জুলাই ২০২৬ এ ছিল ৮.৩৯ শতাংশ এবং আগস্ট ২০২৫ এ ছিল ৮.৩৭ শতাংশ।