ঝড়ের আগে লাল আকাশ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ঘূর্ণিঝড় আঘাত হানার আগে আকাশ লাল হয়ে যাওয়ার বিরল দৃশ্য দেখা গেছে অস্ট্রেলিয়ায়। দেশটির পশ্চিমাঞ্চলের শার্ক বে এলাকায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় ন্যারেল উপকূলে আঘাত হানার আগে আকাশ রক্তিম হয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও বিস্ময় সৃষ্টি করে।
গত শুক্রবার পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের প্রায় ৯০০ কিলোমিটার উত্তরে খাদ্য উৎপাদন অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ন্যারেল। এর আগে ডেনহাম এলাকার শার্ক বে কারাভান পার্কে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধূলিঝড়ে পুরো এলাকা ঢেকে গিয়ে আকাশ গাঢ় লাল রঙে ছেয়ে গেছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের কর্মকর্তা জেসিকা লিংগার্ড জানান, প্রবল বাতাস ও ওই অঞ্চলের লৌহসমৃদ্ধ লাল মাটি মিলেই এই অস্বাভাবিক দৃশ্য তৈরি করেছে। ঘূর্ণিঝড়ের শক্তিশালী বাতাস ভূমি থেকে লাল ধুলা তুলে আকাশে ছড়িয়ে দেয়, ফলে আকাশ রক্তিম হয়ে ওঠে। ইন্টারনেট।