রাষ্ট্রীয় শোকে বিভিন্ন পরীক্ষা স্থগিত পেছাল স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ মোট পাঁচটি নিয়োগ ও একাডেমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
একই সাথে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠানও পিছিয়ে দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’-এর স্নাতক ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার স্থগিত করা হয়েছে।
এ দিন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ও সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ইউজিসি সূত্র জানায়, ১৫টি পদের বিপরীতে মোট সাত হাজার ৩৫১ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
এ ছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) চারটি ক্যাটাগরির নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইনস্ট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার, গবেষণা ও ইংরেজি) এবং মেডিক্যাল অফিসার পদের লিখিত পরীক্ষা। এসব পরীক্ষার নতুন তারিখ সংবাদ বিজ্ঞপ্তি ও টেলিটকের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
রাষ্ট্রীয় শোকের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের নির্ধারিত বিশেষ সিনেট অধিবেশন আগামীকাল সকাল সাড়ে ১০টায় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।