ঢাবি ক্যাম্পাসে বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল

Printed Edition

ঢাবি প্রতিনিধি

  • মেডিক্যাল সেন্টারের উন্নয়ন প্রকল্প উদ্বোধন

  • আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল দলের অন্যতম তারকা মেসুত ওজিল গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা: মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন ও একটি নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে তিনি ক্যাম্পাসে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তুরস্ক সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর আর্থিক সহায়তায় মেডিক্যাল সেন্টারের সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। প্রায় দুই কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই ওজিলের ঢাকা সফর।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ছেলে ও ওয়ার্ল্ড এথনোস্পোর্টস কনফেডারেশনের সভাপতি বিলাল এরদোগান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন গণমাধ্যমকে জানান, এই প্রকল্প বাস্তবায়নের ফলে শিক্ষার্থীদের জন্য মেডিক্যাল সেন্টারের সেবার পরিধি ও মান উভয়ই বৃদ্ধি পাবে। তিনি আরো জানান, সফরের অংশ হিসেবে ওজিল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিলাল এরদোগান এবং কিংবদন্তি মেসুত ওজিলকে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। এটি কেবল আনুষ্ঠানিক সফর নয়; তাদের উপস্থিতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।’

ডাকসু নেতারা জানান, টিকার সহায়তা এবং মেসুত ওজিলের মতো বিশ্বপরিচিত ব্যক্তিত্বের উপস্থিতি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক আরো দৃঢ় করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আজ সফরসূচির অংশ হিসেবে ওজিল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে একটি ইফতার মাহফিলে অংশ নেবেন।

বিশ্ব ফুটবলে উজ্জ্বল ক্যারিয়ারের পাশাপাশি মানবিক ও দাতব্য কর্মকাণ্ডে সক্রিয় মেসুত ওজিলের এ সফর ঢাবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীরা তাকে এক নজর দেখতে মেডিক্যাল সেন্টার প্রাঙ্গণে ভিড় করেন।