ওসমান হাদির মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর মসজিদে নামাজের মোনাজাতে বিশেষ দোয়া করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর মসজিদগুলোতে দোয়া করা হয়।
মোনাজাতে মহান আল্লাহর কাছে ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করেন খতিব ও ইমামরা। একই সাথে আল্লাহ যাতে তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন- মোনাজাতে এ দোয়া করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি।
তার রূহের মাগফেরাত কামনায় শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শহীদ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ পরিপ্রেেিত শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় নিজ নিজ ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়।