নির্বাচনে পেশাদারিত্ব বজায় রেখে হারানো গৌরব পুনরুদ্ধার করেছে পুলিশ : ডিএমপি কমিশনার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। আগামী দিনগুলোতে পুলিশের এই ভাবমর্যাদা ধরে রাখার জন্য সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সাথে যানজট নিরসনে সর্বোচ্চ কাজ করবে ডিএমপি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো: সরওয়ার বলেন, রমজানে ইফতারের আগে ট্রাফিকে প্রচণ্ড চাপ বাড়ে। সেই সময়ে যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যাতে জনসাধারণ নির্বিঘেœ বাসায় ফিরে ইফতার করতে পারে। একই সাথে ট্রাফিক আইন মেনে চলার জন্য সর্বসাধারণকেও অনুরোধ করেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো: নজরুল ইসলাম বলেন, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো বড় অনুষ্ঠান রয়েছে। এ ছাড়া পবিত্র রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি, ছিনতাই যাতে কোনোভাবেই সংঘটিত হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। মাসিক অপরাধ সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো: মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো: শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপপুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপপুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।