বেনাপোল বন্দর দিয়ে ২১০০ টন চাল আমদানি

Printed Edition

বেনাপোল (যশোর ) সংবাদদাতা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয় দিনে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে দুই হাজার ১০০ মেট্রিক টন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভারত থেকে আমদানীকৃত চালের একটি চালানে তিনটি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। অর্থাৎ ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে ছয় কার্যদিবসে দুই হাজার ১০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এই চালের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স ও মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ।

দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুবিধা দিয়েছে সরকার।

বন্দর সূত্র জানায়, গত বছরের আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়ে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ছয় হাজার ১২৮ মেট্রিক টন। চলতি মাসে কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানি করা চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা প্রতি কেজি চালের সব খরচসহ দাম পড়ছে ৫০ টাকা।

বন্দর পরিচালক শামীম হোসেন জানান, আমদানি করা চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেয়া হয়েছে।