৪৬ বছর পর রাজশাহী মহানগরীতে পূর্ণাঙ্গ মন্ত্রী হলেন মিনু

Printed Edition

রাজশাহী প্রতিনিধি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। নির্বাচনের পর তিনি সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী মহানগরী পূর্ণাঙ্গ মন্ত্রী পেল।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত মঙ্গলবার রাতে এক প্রতিক্রিয়ায় মিনু বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি রাজশাহীর উন্নয়নে তিনি আরো সক্রিয়ভাবে কাজ করতে পারবেন। রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন মিনু। টানা ১৭ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মেয়র থাকাকালীন ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার প্রথমবারের মতো মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ায় দলমত নির্বিশেষে নগরজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়।

রাজশাহী জেলা পূর্বে একাধিক মন্ত্রী পেলেও মহানগরী বা সদর আসন থেকে সর্বশেষ পূর্ণাঙ্গ মন্ত্রী ছিলেন এমরান আলী সরকার। তিনি ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন।

স্বাধীনতা-পরবর্তী সময়ে এ এইচ এম কামারুজ্জামান বাণিজ্য, শিল্প ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরে সরদার আমজাদ হোসেন খাদ্য, মৎস্য ও পশুপালন, ভূমি ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার আমিনুল হক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। এ ছাড়া শাহরিয়ার আলম ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।