স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি
পুলিশকে বেআইনি নির্দেশনা দেয়া হবে না
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন। গ্যারান্টি দিতে পারি, নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা আমরা দেবো না।
গতকাল বুধবার রাজধানীর রাজারবাগে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
সিইসি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কমিটমেন্ট হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা। আমরা জাতীয় নির্বাচন যেভাবে করেছি, যত সুন্দরভাবে করেছি, একইভাবে অন্তত একই মানে স্থানীয় সরকার নির্বাচনটাও করতে চাই। একটি ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন যাতে আমরা করতে পারি, সে জন্য পুলিশের সহায়তা চেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও নির্বাচন কমিশনকে সহায়তা করার বিষয়ে পূর্ণ কমিটমেন্ট রয়েছে। আমাদের যেমন সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে সুন্দরভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার, তেমনি তাদেরও (পুলিশ) আমাদের সহায়তা করা এবং সুন্দর একটি নির্বাচন করার ক্ষেত্রে আইনি দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনে ফলাফলের মাধ্যমে প্রমাণ করেছি যে, আমরা পারি। নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন যেভাবে বেআইনি নির্দেশনা দেবে না, তেমনি পুলিশও ওয়াদা করেছে যে, তারা একটি সুন্দর, ক্রেডিবল নির্বাচন করার জন্য কাজ করবেন।
সিইসি আরো বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, সেটি আমরা অনেকাংশে পুনরুদ্ধার করতে পেরেছি। সিভিল সার্ভিস থেকে শুরু করে পুলিশ এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে আস্থার সঙ্কট হয়েছিল, সেটিও পুনরুদ্ধার হয়েছে। সব সরকারি সংস্থা, নির্বাচন কমিশন এবং প্রশাসন তারা প্রমাণ করেছে যে, তারা ডেলিভারি করতে পারে। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনটাও যাতে একই মাপকাঠিতে, একই গুণসম্পন্নভাবে করতে পারেন, সেই চেষ্টা তারা করবেন। তারা আমার কাছে সেই ওয়াদা করেছেন।
পুলিশ বাহিনীর কিছু সময়সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, তাদের গাড়ির অভাব রয়েছে। নির্বাচনের সময় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। ২৪ জুলাই-আগস্টের সময়ে অনেক গাড়ি তাদের পুড়ে গেছে। এর সবগুলোর রিপ্লেসমেন্ট এখনো হয়নি। এসব গাড়ির স্বল্পতার কথাও তারা বলেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। এ ক্ষেত্রে আইনগত বাধা নিষেধ না থাকলেও যেকোনো নাগরিকই নির্বাচন করতে পারবেন। নির্বাচনের কোনো দিনক্ষণ ঠিক না করলেও তিনি বলেন, খুব শিগগিরই শুরু হবে স্থানীয় নির্বাচন।
অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবে পুলিশ সদস্যরা। যেসব বিষয় নিয়েই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের মনোবল ও সক্ষমতা সৃষ্টি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত।