ফুলছড়িতে রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ
Printed Edition
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল বুধবার সকালে উপজেলার কালিরবাজার বটতলায় উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা ওয়াপদা বাঁধের রতনপুর এলাকায় দ্রুত রেগুলেটর নির্মাণ এবং উদাখালি ও কাঠুর খাল সংস্কারের দাবি জানান। কমিটির আহ্বায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিপিবি ফুলছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রানু সরকার, আব্দুল্লাহ সরকার, সাদেকুর রহমান, ইউনুস আলী ও উত্তম বর্মনসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মাধ্যমে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেয়া হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সাল থেকে একাধিকবার স্মারকলিপি দেয়া হলেও রেগুলেটর নির্মাণে কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। ফলে উদাখালী, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের বিস্তীর্ণ বিলাঞ্চলে আমন ও বোরো চাষ ব্যাহত হচ্ছে।