সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সাথে পানি চুক্তি নয় : ভারত

Printed Edition

রয়টার্স

ইসলামাবাদের সাথে নয়াদিল্লির কোনো ধরনের গোপন বৈঠক কিংবা সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি নিয়ে নরম সুরের তথ্যকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের উচ্চপর্যায়ের সরকারি সূত্র। একই সাথে সাফ জানিয়ে দেয়া হয়েছে, পাকিস্তানের সাথে এই মুহূর্তে ভারতের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো ধরনের আলোচনা চলছে না এবং সিন্ধু চুক্তি শিথিলের কোনো সুযোগ নেই।

নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্ত দিয়ে ছড়ানো সন্ত্রাসবাদ স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের প্রতি ভারতের নীতিতে কোনো বদল আসবে না। দ্বিপক্ষীয় বিমান চলাচল কিংবা অন্য কোনো ইস্যুতে কথা হলেও, সন্ত্রাস ও পানি বণ্টনের প্রশ্নে ভারত নিজের কঠোর অবস্থান বজায় রাখবে। সম্প্রতি দুই দেশের সাবেক কর্মকর্তা ও গবেষকদের মধ্যকার ব্যক্তিগত স্তরের বৈঠকগুলোকে সরকারি কূটনৈতিক যোগাযোগ হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। কারণ, সরকার অনুমোদিত প্রতিনিধি ছাড়া কোনো আলোচনাকেই অনানুষ্ঠানিক কূটনীতি বলা যায় না এবং এসবের সাথে কোনো দেশের দূতাবাসেরও সম্পর্ক থাকে না। ভারতের এই অনমনীয় অবস্থানের মূল কারণ গত বছর কাশ্মিরের পেহেলগামে হওয়া ভয়াবহ হামলা।