ভুল খাদ্যাভ্যাসে পেটে মেদ জমে
Printed Edition
পেটে মেদ বাড়ার কুফল অনেক। মোটা হওয়া বা স্বাস্থ্যবান হওয়া এক কথা নয়। মেদ বাড়ার অন্যতম কারণ হলো ভুল খাদ্যাভ্যাস এবং ব্যায়াম বা কায়িক পরিশ্রম না করা। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাইয়ের স্বাস্থ্য বিভাগের একটি প্রতিবেদনে বলা হয়, পেটে মেদ কমাতে হলে শরীরের গঠন প্রকৃতি বা আকার আকৃতি বুঝে খাবার খেতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনে ব্যায়াম করতে হবে।
অনেকে নিজের শরীরের গঠনটাই ঠিক মতো ধরতে পারেন না। তাই তার খাদ্য নির্বাচন ও ব্যায়াম করা তেমন কোনো উপকারে আসে না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যতালিকায় পটাশিয়ামের মাত্রা কম থাকলে পেটে মেদ বাড়তে থাকে। মেদ ঝড়াতে হলে পটাশিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে। উচ্চ প্রক্রিয়াজাত খাবার, পরিশোধিত বা রোস্টেট খাবার বেশি বেশি খেলে পেটে মেদ বাড়ে। পেটে মেদ বাড়ার আরো একটি কারণ হলো কম ঘুমানো।
পুষ্টিবিদরা বলেন, কম ঘুমালে পেটে চর্বি ঝড়ানোর পদ্ধতি ধীরগতি হয় বা পেটে মেদ জমতে থাকে। যারা প্রচণ্ড মানসিক চাপে থাকেন, তাদের শরীরের করটিসল হরমোনের পরিমাণ বেড়ে যায়। এই হরমোন পেটের মেদ ঝড়ানোর প্রক্রিয়াটা ধীর গতি করে দেয়। তাই, পেটের মেদ কমাতে মানসিক চাপ এড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। অনেক সময় বেশি শারীরিক প্রশিক্ষণ বা ওয়েট লিফটিংও পেটের মেদ কমানোর পরিবর্তে মেদ আরো বাড়িয়ে দেয়। এসব খেয়াল রেখে জীবন-যাপন করলে পেটে মেদ জমার তেমন কোনো শঙ্কা থাকে না বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ইন্টারনেট।