টানা চার জয় ওয়েস্ট ইন্ডিজের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের সব ক’টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ইতালিকে গতকাল ৪২ রানে হারিয়েছে শাই হোপের দল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি। এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন উইন্ডিজ বোলার শামার জোসেফ। বল হাতে চার ওভারে ৩০ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। আর ফিল্ডিংয়ে পুরো ইনিংসে নিয়েছেন চারটি ক্যাচও। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বল হাতে চার উইকেট ও চারটি ক্যাচ নেয়া প্রথম ক্রিকেটার এখন শামার জোসেফ। আর এক ম্যাচে উইকেটরক্ষকের বাইরে চার ক্যাচ নেয়া পঞ্চম ক্রিকেটার তিনি।

ইডেন গার্ডেন্সে গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন শাই হোপও। ১৬৫ রানকে তাড়া করতে নেমে ১৮ ওভারেই মধ্যেই সব ক’টি উইকেট হারায় ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন বেন মানেন্তি। চারটি উইকেট নেন শামার জোসেফ। ম্যাচসেরা হয়েছেন শাই হোপ।