বর্ণবাদের শিকার ভিনিই জয়ের নায়ক

Printed Edition

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেনফিকার মাঠে ৪-২ গোলে হেরে নকআউটে সরাসরি খেলার যোগ্যতা হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তিনে থেকে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নেমে নয়-এ নেমে সেই বেনফিকাকেই প্লে-অফে পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। তবে এবার কোনো ভুল করেনি। লিসবনে গত পরশু বিতর্কিত কিছু ঘটনা ঘটলেও ঘটনাবহুল লড়াইয়ে মনোযোগ না হারিয়ে জয় নিয়ে ফিরেছে মাদ্রিদের দলটি। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার প্লে-অফের প্রথম লেগে ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছে আলভারো আরবেলোয়ার দল।

লিসবনে চোখ ধাঁধানো গোলের পর আপত্তিকরভাবে উদযাপন করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস। তবে ঘটনার সেখানে মাত্র শুরু। সবকিছুকে ছাপিয়ে বর্ণবাদের অভিযোগে প্রায় ১০ মিনিটের মতো বন্ধ ছিল খেলা।

ঘটনার সময় টিভি ফুটেজে দেখা যায়, জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিয়াসকে কিছু একটা বলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। সেই কথা শুনেই তেতে ওঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ও আশপাশে থাকা তার সতীর্থরা। সেখানে ছিলেন এমবাপ্পেও। বর্ণবাদী মন্তব্য নিয়ে ম্যাচের পরে সংবাদমাধ্যমে খোলাসা করে ফ্রান্স ফরোয়ার্ড বলেন, ‘বেনফিকার ২৫ নম্বর, তার নামও মুখে আনতে চাই না। কারণ এটা তার প্রাপ্য নয়, সে জার্সিতে মুখ ঢেকে পাঁচবার বলেছে ‘ভিনি একটা বানর’, আমি শুনেছি এটা, এই ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্য নয়।’

এ দিন প্লে-অফের প্রথম লেগে ইতালির ক্লাব জুভেন্টাসকে ৫-২ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে টার্কিস ক্লাব গ্যালাতাসারাই। মোনাকোকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান ইউরোপসেরা পিএসজি। আটলান্টার বিপক্ষে নিজেদের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।