দামুড়হুদার দলকা বিলে বোমা বিস্ফোরণ, শত মণ মাছ লুট

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদা উপজেলার দলকা বিলে সঙ্ঘবদ্ধ হামলা, বোমা বিস্ফোরণ ও বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলকা মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ওমর আলী বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সমিতি সরকারকে বছরে ৪৫ লাখ ২৮ হাজার ১২৫ টাকা রাজস্ব পরিশোধ করে বৈধভাবে দলকা বিলে মাছ চাষ করে আসছে। তবে গত ১২ ফেব্রুয়ারি থেকে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে পাহারাদারদের মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে দেশীয় বোমা ও দেশীয় অস্ত্রসহ ৫০-৬০ জন বিল এলাকায় প্রবেশ করে চারটি বোমার বিস্ফোরণ ঘটায়। আতঙ্কের মধ্যে পাহারাদাররা সরে গেলে অভিযুক্তরা প্রায় ৬০ মণ মাছ লুট করে নিয়ে যায়। ১২ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রায় ১০০ মণ মাছ লুট হয়েছে বলে দাবি করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

ঘটনার পর স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সমিতির নেতারা দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।