পোকামাকড়ের কৌশল

Printed Edition
nittodin-1
পোকামাকড়ের কৌশল

নিপা পারভীন

আমাদের গ্রহ পৃথিবীতে রয়েছে রঙবেরঙের অসংখ্য পোকামাকড়। জানো, পোকার এ রঙ অমূলক নয়। স্রষ্টা এদের সুরক্ষা দেয়ার তাগিদেই তা দেয়; দেয় সৌন্দর্য বাড়িয়ে দেয়ার জন্যও।

জীবজগতে বেঁচে থাকার জন্য পোকামাকড়কে কৌশলের আশ্রয় নিতে হয়। কারণ এরা আকারে ছোট। দেখা যায়, মৌমাছি, বোলতা ও বিষপিঁপড়ার রয়েছে বিষাক্ত হুল। এরা হুল কখন ব্যবহার করে? বিপদে পড়লে।

আশ্চর্য হলেও সত্যি, ভ্রমরের হুল নেই। তবে দেখতে এটি মৌমাছি ও বোলতার মতো। এ কারণে শত্রু একে ভয় করে।

কিছু পোকা ছদ্মবেশ ধারণ করে। এ বিষয়ে কাঠিপোকা ও ঘাসপোকার কথা উল্লেখ করা যায়। কাঠিপোকা গাছের মরা ডালে দারুণভাবে মিশে থাকে। হঠাৎ দেখলে একে ডালের অংশ মনে হতে পারে। তার মানে, এ পোকাকে গাছের ডাল থেকে আলাদা করে খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। ঘাসপোকা লুকিয়ে থাকে ঘাসের আড়ালে। একেও ঘাস থেকে আলাদা করে খুঁজে পাওয়া মুশকিল।

কিছু পোকা এদের অদ্ভুত রঙ আর চেহারা দিয়ে ভয় দেখাতে পারে শত্রুকে। এগুলো আসলে নিরীহ পোকা। এরা উজ্জ্বল ও মিশ্র বর্ণ ধারণ করে বিষাক্ত ও ভয়ঙ্কর ভাব ফুটিয়ে তুলতে সক্ষম। এভাবে এরা বৈরী প্রকৃতিতে বেঁচে থাকার জন্য কৌশল অবলম্বন করে, ছন্দবেশ ধারণ করে।