চুয়েটে পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত সঙ্কটের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতায় উন্নয়ন হতে হবে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব।
অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই অর্থবহ হবে, যখন তা ভবিষ্যৎ প্রজন্মের জীবনমান ও প্রাকৃতিক সম্পদের ভারসাম্য রক্ষা করবে। তিনি আরো বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু রাস্তা, সেতু বা ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এখন স্মার্ট সিটি, জলবায়ু সহনশীল অবকাঠামো, গ্রিন বিল্ডিং, নবায়নযোগ্য জ্বালানি সংযুক্ত অবকাঠামো, দুর্যোগ-সহনশীল নগর পরিকল্পনা এবং টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই একজন আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারকে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পরিবেশ সচেতনতা, নৈতিকতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী হতে হবে।
সোমবার চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং গণপূর্ত অধিদফতরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ। এতে সভাপতিত্ব করেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: রিয়াজ আকতার মল্লিক। বিজ্ঞপ্তি।