‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ আর চলতে দেয়া হবে না : অর্থমন্ত্রী

Printed Edition
first-5
‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ আর চলতে দেয়া হবে না : অর্থমন্ত্রী

বিশেষ সংবাদদাতা

দেশে ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ আর চলতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। এই জন্য সবার জন্য দরকার লেভেল প্লেয়িং ফিল্ড।

গতকাল বুধবার প্রথমবার সচিবালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন আমীর খসরু। কীভাবে এ দায়িত্ব সামলাতে চান, সে কথাও তিনি বলেন।

প্রবীণ রাজনীতিবিদ আমীর খসরু বলেন, প্রাথমিকভাবে যেটা সমস্যা আমাদের, একচুয়ালি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একেবারে খুব খারাপ অবস্থা। আমাদেরকে প্রথমে এড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে।

তিনি বলেন, প্রথমত ইনস্টিটিউশনগুলোর মধ্যে পেশাদারিত্ব আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, দক্ষতা আনতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলোর অনুপস্থিতিতে আমরা যত বড় প্রোগ্রামই নিই, এগুলো কাজ করবে না।

অর্থমন্ত্রী বলেন, দ্বিতীয়ত বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।

তিনি বলেন, তৃতীয় কথা হচ্ছে, এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে।

আমীর খসরু বলেন, আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। লিবারলাইজেশন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে, যাতে সবার সমান অধিকার থাকে। অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সবার কাছে যায়।

তিনি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ করে বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। দেশের সব জনগণের অংশগ্রহণ থাকবে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে। সব পর্যায়ের, সব শ্রেণী-পেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন শ্রেণী-পেশাকে সম্পৃক্ত করার উদাহরণ দিয়ে বলেন, বরিশালের সাধারণ একটি শীতলপাটির দাম ৬০০ বা ৭০০ টাকা। শীতলপাটির কারিগরদের যদি কারুপ্রশিক্ষণ, ঋণ, অনলাইন মার্কেটিং এসব সুযোগ তৈরি করে দেয়া যায়, তা হলে তারা বিভিন্ন ডিজাইনের পাটি ও নানা রকমের সামগ্রী তৈরি করতে পারবে এবং এটার বিশাল মার্কেট তৈরি হবে।

অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী জুনাইদ সাকি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার আলোকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য সব স্তরের কর্মকর্তাদের সহযোগিতা চান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ অর্থ মন্ত্রণালয়ের সব বিভাগের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০০১ সালে খালেদা জিয়ার বিএনপি সরকারে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে অর্থের সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও দিয়েছেন।