ব্যাংকক থেকে উড্ডয়নের পরই দুই দফা বোয়িং-৭৩৭ এ ত্রুটি
সিঙ্গাপুরে বিমানের অপর বোয়িংয়ের ১ নাম্বার ইঞ্জিনে ত্রুটি, যাত্রীরা হোটেলে
আজ রোববার সকাল পর্যন্ত এয়ারক্রাফট মেরামত করা সম্ভব না হলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রীদের আনার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
Printed Edition
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর থেকে ঢাকাগামী ফ্লাইট উড়ার আগেই যান্ত্রিক ত্রুটিতে পড়ে। পর পর দুইবার চেষ্টার পরও বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি উড়াতে ব্যর্থ হন পাইলট। পরে ফ্লাইটটি টেকনিক্যাল ত্রুটি ঘোষণা করে যাত্রী ও কেবিন ক্রুদের পাঠানো হয় সিঙ্গাপুরের নির্ধারিত হোটেলে।
আজ রোববার সকাল পর্যন্ত এয়ারক্রাফট মেরামত করা সম্ভব না হলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রীদের আনার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
এ দিকে গত ২৯ মে ঢাকা থেকে ব্যাংকক আন্তর্জাতিক এয়ারপোর্টে বিমানের টেকনিক্যাল ত্রুটি হওয়া বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি সচল করে যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে। এর আগে আকাশে উড়ার পর দুই দফা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ওই ফ্লাইটের যাত্রী ও কেবিন ক্রুদের পাঠানো হয়েছিল হোটেলে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৫৮৫, এসটুএএফএম) বোয়িং-৭৩৭ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। নির্ধারিত সময়ে ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা ২টার দিকে যাত্রী নিয়ে উড়াল দেয়ার আগেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। পাইলট অন্তরা ও কো-পাইলট ইশতিয়াক হোসেন এয়ারক্রাফট স্টার্ট দিয়ে পুশ করলেও আবার ব্যাক করেন। আবার একইভাবে চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। পরে ওই এয়ারক্রাফটের যাত্রী ও সব কেবিন ক্রুকে পাঠানো হয় হোটেলে।
প্রকৌশল শাখা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিঙ্গাপুরে যান্ত্রিক সমস্যায় পড়া বোয়িং-৭৩৭ এর নাম্বার ওয়ান ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। এখন এয়ারক্রাফট সচল করতে সেখানকার প্রকৌশলীরা কাজ করছেন। যদি ঠিক না হয় তা হলে আগামীকাল (আজ) সকাল ৮টায় ঢাকা থেকে নিয়মিত ফ্লাইট যেটা যাবে সেখানে হয়তো বা আমাদের প্রকৌশলীরা যেতে পারেন। আর ঠিক হয়ে গেলে যেতে হবে না।
এর আগে গত ২৯ মে ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বোয়িং-৭৩৭) ব্যাংকক এয়ারপোর্টে নামার পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে। পরে ওই এয়ারক্রাফট মেরামত করে উড্ডয়ন করার পরও দুই দফা টেকনিক্যাল সমস্যায় পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই টেকনিক্যাল ত্রুটি হওয়া ফ্লাইটটি সচল করে গত ৩০ মে রাত ১২টা ১০ মিনিটে যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ করে।
বিমানের বলাকা ভবন সূত্রে জানা গেছে, গত ২৯ মে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানের বোয়িং-৭৩৭ ফ্লাইটটি (বিজি-৩৮৮) যাত্রী নিয়ে ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছে। ব্যাংকক থেকে ঢাকায় ফিরতি ফ্লাইট নিয়ে পাইলট সুমাইলা উড্ডয়ন করেন। ফ্লাইট প্রায় ৫০ মিনিট উড়ার পর টেকনিক্যাল সমস্যা ধরা পড়ে। পরে পাইলট ঢাকায় না এসে ব্যাংকক ফিরে গিয়ে অবতরণ করেন। সূত্র মোতাবেক, ৩ ঘণ্টা গ্রাউন্ডে এয়ারক্রাফটটি মেরামত করে দ্বিতীয় দফা আবারো ঢাকার উদ্দেশ উড্ডয়ন করে। এবার ৪০ মিনিট উড়ার পর আবারো একই সমস্যা ধরা পড়ে।
পরে পাইলট ও কো-পাইলট ফ্লাইট ঢাকায় না এসে আবারো ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তে ওই দিনের ফ্লাইটটি গ্রাউন্ডেড ঘোষণা করে যাত্রী ও কেবিন ক্রুদের পাঠানো হয় হোটেলে। এক দিন পর ঢাকা থেকে স্পেয়ার পার্টস নিয়ে প্রকৌশলীরা গিয়ে এয়ারক্রাফটটি সচল করে ৩০ মে রাতে ঢাকায় ফিরে আসেন।