নতুন আয়োজন নিয়ে দুরন্ত টিভির ৩৪তম সিজন
Printed Edition
বিনোদন প্রতিবেদক
দুরন্ত টিভির ৩৪তম সিজনে যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন ও বৈচিত্র্যময় আয়োজন। আজ ২৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিজনে দর্শকদের জন্য থাকছে নতুন কুইজ শো, কার্টুন সিরিজ, নাটক এবং শিক্ষামূলক অনুষ্ঠান। পাশাপাশি ‘দুরন্ত সিনেমা’র নিয়মিত আয়োজনে দেশী-বিদেশী জনপ্রিয় সব চলচ্চিত্র দেখার সুযোগও থাকছে।
এই সিজনের বিশেষ আকর্ষণ কুইজ শো ‘দুরন্ত মেধাবী’। সারা দেশ থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগীদের পাঁচটি চ্যালেঞ্জিং রাউন্ড পার করতে হবে। মেধা ও বুদ্ধির লড়াই শেষে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। জামাল হোসেন আবিরের পরিচালনায় ও পার্থ প্রতিম হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টায় ও রাত ৯টায় প্রচারিত হবে।
পাপেট এবং মানুষের সমন্বয়ে শিশুদের বাংলা বর্ণমালা শেখার বিশেষ অনুষ্ঠান ‘বর্ণমালার ঘর’ ফিরছে নতুন করে। এখানে সৈয়দ হাসান ইমাম ও চিত্রলেখা গুহর মতো গুণী শিল্পীরা অভিনয় করেছেন। অনুষ্ঠানটি ২৫ জানুয়ারি থেকে রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে। ছোটদের শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখে শুরু হচ্ছে ‘দুরন্ত সময়-সিজন ৩’। এতে সহজ ব্যায়াম, যোগব্যায়াম, ক্রাফট তৈরি ও গল্পের আসর থাকবে। এটি ২৫ জানুয়ারি থেকে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় ও রাত ৯টায় প্রচারিত হবে।
কার্টুনপ্রেমীদের জন্য থাকছে জাদুকরী অভিযানের সিরিজ ‘মীয়া অ্যান্ড মি’, যা শুরু হবে ২৫ জানুয়ারি দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। অন্যদিকে, ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন নিয়ে নির্মিত সিরিজ ‘পিআইএসউয়াই’ ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক’ শুরু হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা ও বিকাল ৫টায়। এছাড়াও এই সিজনে জিগি অ্যান্ড দ্য জুট্রাম, ভিক দ্য ভাইকিং, হাইডি, ট্রি ফু টম, বিগ অ্যান্ড স্মল, দ্য স্মার্ফস এবং ল্যাসির মতো জনপ্রিয় সব সিরিজ দেখার সুযোগ থাকছে। ছোটদের নাটকের তালিকায় থাকছে ‘এলাটিং বেলাটিং’ এবং ‘অবাক করা গাছের দেশে’।