‘রবি এআই স্পেস’ যাত্রা শুরু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রথম অল-ইন-ওয়ান এআই হাব ‘রবি এআই স্পেস’ চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। ‘রবি এআই স্পেস’-এর এই যাত্রার মাধ্যমে একটি সুদূরপ্রসারী ও বিশেষায়িত এআই ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে রবি। ‘এভরি এআই’-এর পাশাপাশি ‘রবি এআই স্পেস’কে এমন একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যেখানে স্থানীয় গ্রাহকদের পরিবর্তনশীল প্রয়োজন অনুযায়ী এআই-ভিত্তিক বিভিন্ন সমাধান তুলে ধরা হবে। মাই রবি অ্যাপের মাধ্যমেই গ্রাহকরা সহজে এই সেবাটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে টেলিযোগাযোগের এ অপারেটরটি।
রবি বলছে, ‘এভরি এআই’ প্ল্যাটফর্মের সাথে অংশীদারত্বের মাধ্যমে রবির এই নতুন সেবাটি চালু করা হয়েছে। এতে সরাসরি স্থানীয় গ্রাহকদের হাতের নাগালে নিয়ে আসা হয়েছে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড এবং ডিপসিকের মতো বিশ্বখ্যাত একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। গ্রাহকরা এখন একটিমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাক কেনার মাধ্যমেই এগুলো ব্যবহার করতে পারবেন। রবি জানিয়েছে, বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার মাত্র ১.৬ শতাংশ হওয়ায় আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতার কারণে বিশ্বমানের বিভিন্ন ডিজিটাল সেবা থেকে এতদিন বঞ্চিত ছিলেন অনেক ব্যবহারকারী। রবির এই নতুন উদ্যোগ সেই বাধা দূর করেছে। এখন গ্রাহকরা মোবাইল ডাটা বান্ডেল কিনেই এই এআই মডেলগুলো ব্যবহার কিংবা এআই টোকেন সংগ্রহ করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের কথা ভেবে তৈরি করা হয়েছে। গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা এবং দৈনন্দিন কর্মপ্রবাহ আরো সহজ ও কার্যকর করতে তারা এআইভিত্তিক বিভিন্ন টুল ব্যবহার করতে পারবেন।
এ বিষয়ে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বৈশ্বিক ডিজিটাল টুলসগুলোর নাগাল পাওয়ার ক্ষেত্রে আমাদের বাজারে দীর্ঘদিন ধরেই একটা বড় বাধা ছিল। মাই রবি অ্যাপে অল-ইন-ওয়ান এই এআই প্ল্যাটফর্ম নিয়ে এসে আমরা সেই প্রতিবন্ধকতা দূর করছি।