রোজায় ১০ টাকায় দুধ বিক্রি করছে জেসি অ্যাগ্রো
Printed Edition
কিশোরগঞ্জ প্রতিনিধি
রমজান মাসজুড়ে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি অ্যাগ্রো ফার্ম। বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। মাসব্যাপী চলা এ উদ্যোগে একজন ক্রেতা প্রতিদিন সর্বোচ্চ এক লিটার করে দুধ কিনতে পারবেন।
খামার সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শতাধিক গরু রয়েছে। এর মধ্যে ১৮টি দুধাল গাভী থেকে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ লিটার দুধ উৎপাদিত হয়। উৎপাদিত পুরো দুধই স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। সকাল থেকে খামারের সামনে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় দেখা যায়। অনেকে লাইনে দাঁড়িয়ে নির্ধারিত দামে দুধ সংগ্রহ করেন। স্থানীয় নিম্নআয়ের পরিবারগুলো এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির মালিক এরশাদ উদ্দিন বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। এতে সীমিত আয়ের মানুষের ওপর চাপ বাড়ে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই ছয় বছর আগে এ কর্মসূচি শুরু করেন তিনি। ধারাবাহিকভাবে প্রতি বছর রমজানে ১০ টাকা দরে দুধ বিক্রি করা হচ্ছে। ২০২৪ সালে এ উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনি সরকারের ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’ পান।
এরশাদ উদ্দিন জানান, এক মাসে প্রায় তিন মেট্রিক টনের বেশি দুধ বিক্রি হবে। এতে সরাসরি লাভ না হলেও অন্য ব্যবসা থেকে অর্জিত মুনাফা দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি বলেন, পবিত্র রমজানে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতেই এই উদ্যোগ নিয়েছি। তার ভাষ্য, রোজায় মধ্যপ্রাচ্যসহ অন্যান্য মুসলিম দেশে খাদ্য পণ্যের দাম কমিয়ে দেয়া হয়। অথচ বাংলাদেশ এর বিপরীত। রোজা এলে এ দেশের ব্যবসায়ীরা দাম বাড়ানোর সিন্ডিকেট তৈরি করে। এ পরিস্থিতিতে বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারকে বাড়তি চাপ সামলাতে হয়। আমি চাইব দেশের অন্য ব্যবসায়ীরাও আমাকে অনুসরণ করুক।