আইনের শাসন একটি জাতির উন্নয়নের অন্যতম সোপান : ধর্ম উপদেষ্টা

Printed Edition
back-4
শতবর্ষী সাতকানিয়া আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো ও সাতকানিয়া সংবাদদাতা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আইনের শাসন একটি জাতির উন্নয়নের অন্যতম সোপান। দেশে আইনের শাসন না থাকলে মব জাস্টিস সংস্কৃতির উত্থান ঘটে।

গতকাল দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি আয়োজিত আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেয়াই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেয়ার জন্য সরকার কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়ন সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

তিনি বলেন, সাতকানিয়ার এ শতবর্ষী আদালত ভবনের অবকাঠামোতে আমূল পরিবর্তন আনা হবে। এটিকে আধুনিক বহুতল ভবনে রূপান্তর করা হবে। এ বিষয়ে প্রকৌশলী ও স্থপতিদের সাথে কথা হয়েছে। তিনি সাতকানিয়া আদালতের অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন।

আগামী ১২ ফেব্রুয়ারিকে ঐতিহাসিক ক্ষণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আমরা আশাবাদী, উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচিতদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবো। এ সময় তিনি ভালোর আশা করা এবং খারাপের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানান।

সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতকানিয়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিক বক্তৃতা করেন।

সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সাতকানিয়া আদালতের অতিরিক্ত সিভিল জজ আরাফাতুল ইসলাম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহছান খালিদ, গণপূর্ত অধিদফতর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: সোলাইমান, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত, সাতকানিয়া আইনজীবি সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক চৌধুরী, অ্যাডভোকেট এ. এম. ফয়সাল, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম ও সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সুজন পালিত প্রমুখ।

পরে উপদেষ্টা সাতকানিয়া উপদেষ্টা কমপ্লেক্সে নতুন এক্সকে মেশিন সংযোগ কাজের উদ্বোধন করেন।