দাউদকান্দিতে দুর্ঘটনায় বাসে আগুন : নিহত ৪
অন্যান্য স্থানে নিহত আরো ৯
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনাকবলিত বাসে আগুন লেগে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আরো নয়জন নিহত ও কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন।
মেঘনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি বাসের সাথে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে মুহূর্তেই বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক ফেটে যাওয়া আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে এবং পুরো বাসটি ভস্মীভূত হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দু’টি শিশু রয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ হওয়ার কারণে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর বাসের ভেতর থেকে চারজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। দাউদকান্দি থানা পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মার্চেন্ট নেভির এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মসজিদিয়া চৌধুরী পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছোট ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৭), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও রিয়াজ উদ্দিন সড়কের আলী কন্ট্রাক্টর বাড়ির হেলাল উদ্দিনের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারীর নয়া বেপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। নিহত অয়ন মাদারীপুর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৭তম ব্যাচের ছাত্র। গত ২৯ তারিখ ইনস্টিটিউট থেকে ১০ দিনের ছুটিতে বাড়ি আসেন এবং ছুটি কাটিয়ে গত রাতে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে মাদারীপুরের ট্রেনিংয়ে অংশ নিতে নগরীর দামপাড়া থেকে যাত্রা করেন।
পুলিশ, ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন ট্র্যাভেলসের একটি স্লিপার বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৮৮১) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাক (চট্ট মেট্রো-ট-১২-০৬০৪) এর পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির এক পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো ১০ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান অংশে বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সুপারভাইজার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে সামনে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে পেছন থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটি সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসে থাকা একাধিক যাত্রী আটকা পড়েন।
খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহত তারেকের লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৫০৭৬ এবং ট্রাকটির নম্বর যশোর-ট ১১-৬২৩৯।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার পর দ্রুত যানবাহন সরিয়ে নেয়ায় এক্সপ্রেসওয়েতে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজভী উপজেলার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশি তফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে এবং পেশায় একজন কনফেকশনারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল পৌর শহরের বাসা থেকে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হলে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে উপজেলা সড়কের ব্রিজ এলাকায় ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১০টার দিকে তিনি কুমিল্লায় মারা যান।
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বিয়ের কাবিনের দিন চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ারার এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে কর্ণফুলী উপজেলার পিএবি সড়কের ফাজিলখাঁরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: আলী আব্বাস রিমন (২৮) আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজারগেট এলাকার বাসিন্দা মো: মুছার ছেলে। গতকাল তার বিয়ের কাবিন সম্পন্ন হওয়ার কথা ছিল।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে হবু শ্বশুরবাড়িতে যান। সেখানে রাতযাপন শেষে শুক্রবার ভোরে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে। সে জোড়দিঘী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তুহিন মোটরসাইকেল চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তুহিন রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম মতিউর রহমান (৫০)। তিনি কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে। অপর নিহতের নাম সোহেল রানা (৪০)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।