সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে সেনা-বিজিবি মোতায়েন

Printed Edition

নিজস্ব প্রতিবেদন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির লাশ দেশে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার ওসমান হাদির লাশ দেশে আসার পর নি-িদ্র নিরাপত্তা দিতে দেখা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। লাশ নিয়ে রওনা হওয়ার পর লাশের গাড়ির আগে পেছনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের গাড়িবহর দেখা গেছে। এ ছাড়াও বিক্ষুব্ধ ছাত্র-জনতার বিক্ষোভস্থলে নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা শাহবাগ, বাংলামোটর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ রাজধানীতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে।

আইএসপিআর সূত্র জানায়, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা রাজধানীসহ সারা দেশে টহল দিচ্ছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এক বার্তায় বলেন, বিমানবন্দর এলাকা, কাওরানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি গতকাল সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ লক্ষ্যে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে বিমানবন্দরে সিভিল এভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মূলত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত থেকে ঢাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে।

চট্টগ্রামে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

চট্টগ্রাম ব্যুরো জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের উদ্দেশে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ছুটে গেলে পুলিশ তাদের থামিয়ে দেয়। বৃহস্পতিবার রাতে জাকির হোসেন রোডের সহকারী হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে দূর থেকে ইটপাটকেল নিক্ষেপের চেষ্টার অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

এ দিকে গতকাল শুক্রবার চট্টগ্রাম শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহর এলাকার বিভিন্ন স্পর্শকাতর স্থানে মোট পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির চট্টগ্রামের রিজিয়ন সদর দফতর থেকে নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ভারতীয় সহকারী হাইকমিশনের নিরাপত্তায় গতকাল শুক্রবার সকাল থেকেই সেনাবাহিনী সেখানে অবস্থান নিতে দেখা গেছে।