শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দিতে চাই : শিক্ষামন্ত্রী

Printed Edition
back-3
দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ধসে পড়া শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপি সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আবু নছর মুহাম্মদ এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীদের আধুনিক ও বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে সমন্বিত পরিকল্পনা নেয়া হবে। একই সাথে দক্ষ ও কর্মমুখী শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর নতুন শিক্ষাকাঠামো গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি।

গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। শিক্ষা নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। কিছু চমকও আছে। পর্যায়ক্রমে সেগুলো সামনে আনব। দায়িত্ব যখন পেয়েছি, ভালো কিছু কাজ করতে চাই। আমার হাতে সেই সুযোগ ও সম্ভাবনা রয়েছে।’

তিনি আরো বলেন, শিক্ষা খাতে শুধু ‘হাইজাম্প’ নয়, আরো বড় ধরনের পরিবর্তন আনতে হবে। ‘পোল ভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমাদের যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে,’ বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেন বলেও উল্লেখ করেন তিনি।

বেসরকারি শিক্ষকদের আর্থিক দুর্দশা নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘লেট ওয়েট অ্যান্ড সি। শিক্ষকদের নানা বঞ্চনা ও অপ্রাপ্তির বিষয় আমরা জানি। এখন কাজ শুরু করতে হবে। এরপর পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি বলেন, সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ‘কালচারাল মাইন্ড’-এর ব্যক্তিদের দেয়া হয়। তবে সংস্কৃতির সংজ্ঞা শুধু নাচ-গান বা অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ‘আমাদের বেসিক জায়গা হলো শিক্ষা। আমরা নেতৃত্ব দিতে চাই এবং নিজেদের মতো করে কাজ করতে চাই। শুরুটা করি, তারপর দেখব কিভাবে এগোনো যায়,’ বলেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে হাই জাম্প দিয়ে আলোচনায় আসেন ড. এহছানুল হক মিলন। এ প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান, শিক্ষা খাতে এমন কোনো ‘জাম্প’ দেখা যাবে কি না। জবাবে তিনি বলেন, ‘শিক্ষা খাতে হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে, অনেক উঁচুতে উঠতে হবে। এটাই আমার বিশ্বাস।’

এ সময় নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এহছানুল হক মিলন এর আগে ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবারো একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।