ফুটবলারদের মাঠেই রাত কাটাতে বাধ্য করলেন মরিনহো
Printed Edition
ক্রীড়া ডেস্ক
লিগ কাপের সেমিফাইনালে ব্রাগার কাছে হারের পর বেনফিকার ফুটবলারদের ট্রেনিং গ্রাউন্ডেই রাত কাটাতে বাধ্য করেছেন কোচ হোসে মরিনহো। ম্যাচে গত বুধবার ৩-১ গোলে হেরে যায় বেনফিকা। শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘খেলোয়াড়রা সেক্সিয়ালে অবস্থিত ক্লাবের ট্রেনিং বেসেই থাকবেন এবং পরবর্তী দিনগুলোতেও অনুশীলন চলবে। আমি চাই তারা যেন ঠিকমতো না ঘুমায়। ঘুমানোর বদলে অনেক চিন্তা করুক, যেমনটা আমি করব।’
আগামী শনিবার কোনো ম্যাচ না থাকলেও আগামী বুধবার পর্তুগিজ কাপের কোয়ার্টার ফাইনালে পোর্তোর মুখোমুখি হবে বেনফিকা। সেই ম্যাচের প্রস্তুতিতেই খেলোয়াড়দের ওপর কড়াকড়ি আরোপ করেছেন মরিনহো।
২০০০ সালে বেনফিকাতেই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন মরিনহো। যদিও সে সময় মাত্র ১০ ম্যাচ পর ক্লাব ছাড়তে হয়েছিল তাকে। চলতি মেয়াদে তিনি বেনফিকার দায়িত্ব নেয়ার পর ২৩ ম্যাচে ১৪টি জয় পেয়েছে ক্লাব। তবে ব্রাগার বিপক্ষে এই হার তাদের ১১ ম্যাচের অপরাজেয় থাকার ইতি টানল। বর্তমানে পর্তুগিজ লিগে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বেনফিকা, শীর্ষে থাকা পোর্তোর থেকে তারা ১০ পয়েন্ট পিছিয়ে।