সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

হামলায় নারী ইউপি সদস্য নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১ নম্বর ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলম চান আবুনি (৬৫) নামে এক সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে বাবুল মিয়া জানান, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে শনিবার বিকেলে একই গ্রামের ফারুক মিয়াসহ কয়েকজনের সাথে তাদের বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার মাকে শারীরিকভাবে আঘাত করলে তিনি বুকে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা।

নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছেন স্মার্ট টিমের বনরক্ষীরা। গত শনিবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খালে অভিযান চালিয়ে আটক করা হয় ওই জেলেদের। এ সময় মাছ ধরায় ব্যবহৃত একটি ট্রলার, বেশকিছু জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক জেলেরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের বেল্লাল হাওলাদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: শরিফুল ইসলাম বলেন, শনিবার বিকেলে কটকা অভয়ারণ্যের নদীতে টহলকালে বদরউদ্দিন খালে জেলেদের মাছ ধরতে দেখেন রঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা। এ সময় তাদেরকে হাতেনাতে আটক করতে সক্ষম হন তারা। পরে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।

৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানিক দলের সদস্যরা সীমান্তে পৃথক অভিযানে উদ্ধারকৃত ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছেন। গত রোববার সাতক্ষীরাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের দেশ মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়। বাইরের দেশ থেকে মাদকদ্রব্য আমাদের দেশে এসে তা আবার চলে যায় অন্য দেশে। এর মধ্যে অল্প কিছু মাদকদ্রব্য আমাদের দেশে ব্যবহৃত হয়। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। সাতক্ষীরা প্রতিনিধি।

জেলা পরিষদের বাজেট ঘোষণা

নীলফামারী জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, জেলা জজ কোর্টের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ফিরোজ হাসান এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মামুন উর রশিদসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা। বাজেট ঘোষণা শেষে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, প্রণীত বাজেটে জেলার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে। নীলফামারী প্রতিনিধি।

সাপের দংশনে ১ জনের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের দংশনে মো: রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে চারটার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃত নগর চরপাড়া গ্রামের মো: লিটন শেখের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে রাফসান শেখ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে সাপে কামড়ায়। পরে পরিবারের লোকজন পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ির কানু মিনা নামে এক ওঝাকে এনে ঝাড়ফুঁক দিয়ে ভালো করার চেষ্টা করে। রাত চারটার দিকে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভোরে তার মৃত্যু হয়। বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা।