তারেক রহমানকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছে। গতকাল বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানায়, দেশের এ গুরুত্বপূর্ণ সময়ে তার নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যৌথ বিবৃতিতে দলটির সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী এবং অতিরিক্ত মহাসচিব তারেক ইবনে জমির আলী বলেন, জাতি আজ নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার সম্মুখীন। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদর্শিতা ও সাহসী নেতৃত্ব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

নেতারা আরো বলেন, জাতীয় ঐক্য, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। এ ছাড়াও পবিত্র মাহে রমজানের পবিত্রতা, সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। রমজানের চেতনা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলে বাংলাদেশ আরো ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণধর্মী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে নেতারা আশা প্রকাশ করেন। নবনির্বাচিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্বাস করে, তাদের বলিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর গৌরব পুনরুদ্ধারে তাদের বিশেষ দৃষ্টি ও সহযোগিতা থাকবে বলে আমরা আশাবাদী।

জাবিপ্রবির পক্ষে অভিনন্দন : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) পক্ষ থেকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে নতুন গতিসঞ্চার করবে। আমি বিশ্বাস করি, তার বলিষ্ঠ দিকনির্দেশনায় বাংলাদেশ একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন ‘স্মার্ট রাষ্ট্র’ হিসেবে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হবে।