স্টল ভাড়া লাগছে না, বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

রোজার মধ্যে আয়োজন নিয়ে আপত্তি আর নানা আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে অমর একুশে বইমেলা শুরুর দিনক্ষণ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত, যা আগে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। তবে এবার কোনো স্টল ভাড়া দিতে হচ্ছে না। প্রকাশকদের লোকসান চিন্তা করে মেলার স্টল ভাড়া শতভাগ মওকুফ করা হয়েছে।

রেওয়াজ অনুযায়ী প্রতি বছরের ফেব্রুয়ারির প্রথম থেকেই বইমেলা শুরু হয়। কিন্তু এবার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মেলা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি থেকে শুরুর সিদ্ধান্ত হয়। কিন্তু শুরুতে এ সিদ্ধান্তে সব প্রকাশক সম্মত থাকলেও মেলা শুরুর সপ্তাহ আগে হঠাৎ তাদের একটি অংশ রমজান অজুহাতে মেলা পেছানোর দাবি জানান। তাতে সরকার সম্মত না হয়ে ২০ ফেব্রুয়ারি তারিখে মেলা শুরু করতে অটল থাকে। এরপর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসেন প্রকাশকরা। এরপর সেখানে থেকে মেলা পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলা শুরু এবং আবেদনের পরবর্তিত সময়সীমা জানায়। সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেলা সদস্য সচিব জানান, কয়েক দিন থেকে মেলা আয়োজন নিয়ে জটিলতার মধ্যে নতুন সরকারের প্রথম কার্যদিবসে দুই মন্ত্রী এ নিয়ে বৈঠক করেন প্রকাশক ও বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে। প্রথম দিন অফিস করে সন্ধ্যায় আসেন বাংলা একাডেমিতে। সন্ধ্যা ৭টায় শুরু হয় সভা। এতে প্রকাশকরা তাদের দাবি তুলে ধরলে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ভাড়া ‘শতভাগ মওকুফের’ ঘোষণা দেন এবং সবাইকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানান। এরপরই নতুন তারিখ নির্ধারণ হয়।

বাংলা একাডেমি জানায়, যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তাদের জন্য গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদনের সময়সীমা ছিল। এরপর সন্ধ্যা ৬টায় লটারিরর ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হয়।