শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে : ইউজিসি চেয়ারম্যান

Printed Edition

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের মধ্যে শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে চার মাসব্যাপী আবাসিক বুনিয়াদি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

তিনি বলেন, নিবিড় এই প্রশিক্ষণের মাধ্যমে নবীন শিক্ষকরা নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি একে অপরের সক্ষমতা, অভিজ্ঞতা ও কর্মক্ষেত্র সম্পর্কে জানার সুযোগ পাবেন। ভবিষ্যতে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় কার্যকর ভূমিকা রাখবে।

২৬ এপ্রিল রাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আয়োজিত ৩য় ও ৪র্থ ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাউবি ভিসি প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো: সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বিশ্বব্যাংকের কনসালটেন্ট মাহমুদুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও বুনিয়াদি প্রশিক্ষণের কোর্স পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান। এ সময় বাউবি প্রো-ভিসি প্রফেসর ড. সাঈদ ফেরদৌস, ইউজিসি সচিব ড. মো: ফখরুল ইসলামসহ ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।