মুন্সীগঞ্জ শহরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরে ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বাজারের বিভিন্ন মুদি, ফল, গরুর গোশত, মুরগি, সবজি, মিষ্টির দোকান ও গরুর দুধের বাজার পরিদর্শন করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও ক্রয় রসিদ যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। সংশ্লিষ্টদের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রসিদ সংরক্ষণের নির্দেশ দেন কর্মকর্তারা।
অভিযানকালে শাহীন ফল ভাণ্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিক মোহাম্মদ শাহীন ব্যাপারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে পণ্যসামগ্রীর মূল্য তালিকা না থাকায় দেলোয়ার স্টোরের মালিক দেলোয়ার শেখকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে গরুর দুধের বাজারে রুহুল আমিনের বিরুদ্ধে পানি মিশ্রিত দুধ বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জ জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদের পরিচালনায় অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার মন্টু, বাজার কমিটির সভাপতি এনামুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর লিনা সাহা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।