ফ্যাসিবাদ ফেরার পথ বন্ধ করতে জাতি ঐক্যবদ্ধ : মুহাম্মদ শাহজাহান

Printed Edition
3rd-3
চট্টগ্রামে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ শাহজাহান : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আমিরে জামায়াত ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরো তীব্র হবে। ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রীয় সংস্কার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিকল্প নেই এবং গণভোটের রায় বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ।

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে গতকাল বুধবার শাহ আমানত সেতু সড়ক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা বলেন।

মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা: মুহাম্মদ ছিদ্দিকুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা আবরার হোসাইন রিয়াদ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমির আমির হোসাইন, নায়েবে আমির অধ্যাপক আব্দুজ জাহের ও চকবাজার থানার সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী প্রমুখ।