হাদি হত্যাকাণ্ডে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীরা চরম নিরাপত্তাহীনতায় : ছাত্রদল
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড ফ্যাসিবাদবিরোধী কণ্ঠরোধের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই হত্যাকাণ্ডের ফলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-যুব ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
গতকাল শুক্রবার ওসমান বিন হাদিকে হত্যার ষড়যন্ত্র প্রতিরোধে ব্যর্থতা এবং হত্যাকারীদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। স্মারকলিপিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন একজন আপসহীন তরুণ নেতা ও ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের অগ্রপথিক। তাকে পূর্বপরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ এই হত্যাকাণ্ডের পূর্ব প্রস্তুতি ও ষড়যন্ত্র প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব ছিল। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকারী ও নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘এই নির্মম হত্যাকাণ্ড শুধুমাত্র একটি ব্যক্তির জীবন কেড়ে নেয়া নয়; এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন দমনের একটি পরিকল্পিত প্রয়াস। এর মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করা হয়েছে।’
স্মারকলিপির শেষাংশে বলা হয়, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। শহীদ শরিফ ওসমান বিন হাদির আত্মত্যাগের প্রতি ন্যূনতম সম্মান জানানো এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।