পশ্চিমবঙ্গের বিভিন্ন হোম থেকে দেশে ফিরেছে বাংলাদেশী ২৮ শিশু
Printed Edition
বেনাপোল (যশোর) সংবাদদাতা
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে তিন থেকে সাত বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে বাংলাদেশী ২৮ শিশু। তাদের অধিকাংশেরই বাবা অথবা মা ভারতের কারাগারে সাজাভোগ করছেন।
গত সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া এসব শিশুকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে। এর মধ্যে আটজন মেয়ে ও ২০ জন ছেলে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে তারা তাদের বাবার সাথে ভারতে যায়। পরে তারা সবাই পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বাবা-মায়েরা বিভিন্ন মেয়াদে সাজা হলে এ সব শিশুর পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে আশ্রয় হয়। প্রায় তিন থেকে সাত বছর পর তারা বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এ সব শিশুর রাইটস যশোর ১০ জন, মহিলা আইনজীবী সমিতি আটজন ও জাস্টিস অ্যান্ড কেয়ার এই তিনটি এনজিও সংস্থা তাদের বুঝে নেয়।
‘রাইটস যশোর এনজিও’ কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান জানান, ফেরত আসা ২৮ শিশুকে বেনাপোল থেকে যশোরে নিজেদের সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের হাতে হস্তান্তর করা হবে।