সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

নদীতে চাঁদাবাজির অভিযোগে আটক ১

কিশোরগঞ্জের ইটনায় নদীপথে চলাচলকারী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে বাবর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে নৌপুলিশ। গতকাল বৃহস্পতিবার নদীপথে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবর আলী ইটনা উপজেলার সড়কহাটি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে। নৌপুলিশ সূত্রে জানা যায়, নদীপথে চলাচলকারী বিভিন্ন বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা তোলার লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বাবর আলীকে হাতেনাতে আটক করা হয়। ইটনা নৌপুলিশ ফাঁড়ির এসআই শফিক জানান, বাল্কহেড থেকে অবৈধ চাঁদা আদায়ের দায়ে বাবর আলীকে আটক করা হয়েছে। নদীপথে সব ধরনের চাঁদাবাজি ও অপতৎপরতা বন্ধে নৌপুলিশের সতর্ক অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ মিয়া (২৭) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে জাহিদ ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে বাড়ির পাশের একটি মেহগনি গাছে ওঠেন। ডাল কাটার একপর্যায়ে একটি কাটা ডাল পাশের কাঁচা বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ হোসেন ঘটনা নিশ্চিত করে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ঘটনার পর থেকে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

চৌগাছায় ২৭১ বস্তা সার জব্দ, জরিমানা

যশোরের চৌগাছায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করা ২৭১ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে পৌর শহরের পারবাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব সারগুলো জব্দ করেন। অভিযানে অসাধু ব্যবসায়ী খাইরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সার সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এর আগে সোমবার পৌর শহরের চাঁদপুর বটতলা মোড়ে অভিযান চালিয়ে আরো ৩৭ বস্তা বিভিন্ন সার জব্দ করে কৃষকদের কাছে বিক্রি করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব বলেন, কৃষকের স্বার্থবিরোধী যেকোনো অনিয়ম ও কৃত্রিম সঙ্কট তৈরির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। চৌগাছা (যশোর) সংবাদদাতা

টাঙ্গুয়ার হাওরে ডুবে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার লামাগাঁও বাজারসংলগ্ন মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যনগর থেকে ১০ জন মিলে নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে যাচ্ছিলেন। লামাগাঁও পৌঁছালে কয়েকজন গোসল করতে নদীতে লাফ দেন। সবাই উঠে এলেও পিকলু তলিয়ে যান। পরে তিন ঘণ্টা চেষ্টার পর তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

বিএনপি নেতার ছেলেকে পেটাল ছাত্রলীগ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কদমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শামসুল আলমের ছেলে মোরশেদ আলমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বাগি¦তণ্ডার একপর্যায়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আয়াস সাকিবের নেতৃত্বে সন্ত্রাসীরা মোরশেদকে ডেকে নিয়ে লোহা ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে তিনি আশঙ্কাজনকভাবে আহত হন। এ ঘটনায় বিএনপির সভাপতি শামসুল আলম বাদি হয়ে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আইয়াস সাকিব, নুরুল আজিম সালুসহ চারজনের নাম উল্লেখ করে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা করেছেন। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহির উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

আত্রাই নদীতে ডুবে ২ কিশোরীর মৃত্যু

দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে বৃষ্টি আক্তার (১০) ও সাবরিনা সাথী (১১) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তিন কিশোরী নদীতে গোসল করতে নেমে হঠাৎ প্রবল স্রোতে ভেসে যায়। একজন সাঁতরে কূলে উঠলেও অপর দু’জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। বুধবার রাতে সাথী এবং গতকাল বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিস ও জেলেরা যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ বৃষ্টির লাশ উদ্ধার করে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিনাজপুর প্রতিনিধি

হালতি বিলে অবৈধ জাল ধ্বংস

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পোনামাছ নিধন বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস ও একটি নৌকা জব্দ করা হয়। এর আগে এ নিয়ে দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনার জেরে এ অভিযান চালায় প্রশাসন। নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়, ৫৭টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৫০০ ফুট বাঁধাই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অসাধু মৎস্যজীবী মো: মিঠু মন্ডলকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, দেশীয় মাছ ও প্রজনন রক্ষায় ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে বিলে নিয়মিত অভিযান জোরদার রাখা হবে। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরী গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাংশা উপজেলার কুরাপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুমু নানাবাড়িতে থাকত। প্রত্যক্ষদর্শীরা জানান, মুমু কুরাপাড়া রেলগেট এলাকায় ঘোরাঘুরি করছিল। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি এলে সে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রাজবাড়ী প্রতিনিধি