অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগের ঢেউ
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন পাঁচ রাষ্ট্রীয় আইন কর্মকর্তা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞাসহ পাঁচজন আইন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর গতকাল সোমবার পদত্যাগপত্র দিয়েছেন তারা।
পদত্যাগপত্র দেয়া অপর চার আইন কর্মকর্তা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা।
গত অন্তর্বর্তী সরকারের সময়ে আবদুল জব্বার ভুঞাসহ তিনজন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ১৩ আগস্ট নিয়োগ দেয়া হয়। এর পর থেকে জব্বার ভুঞা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পদত্যাগপত্রের বিষয়ে আবদুল জব্বার ভুঞা নয়া দিগন্তকে জানান, বয়স হয়েছে একটু নিরিবিলি চলতে চাই সেজন্য পদত্যাগ করেছি। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর সোমবার বিকেলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেয়। ডিএজি ও এএজি পদে সব মিলে ২৬৬ জন নিয়োগ পান। এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে এ নিয়োগ দেওয়া হয়।
পদত্যাগপত্র দেয়া অন্য চারজন ডেপুটি অ্যার্টনি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা গত ৩০ জুলাই নিয়োগ পেয়েছিলেন।
ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র দিয়েছেন জানিয়ে সুলতানা আকতার রুবি নয়া দিগন্তকে বলেন, আমার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে সোমবার। এটি রাষ্ট্রপতি বরাবর লিখা। মামুন চৌধুরীও ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন জানিয়ে নয়া দিগন্তকে বলেন, অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে সোমবার সকালে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানান রোহানী সিদ্দিকা। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আইন পেশা পরিচালনা করব। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।’ আর প্রোজ্জল চাকমাও একই কারণে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র সোমবার দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন। এর আগে নতুন ওই নিয়োগের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ না পাওয়া ও নিয়োগপ্রত্যাশী বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে গত ২ আগস্ট বিক্ষোভ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সেদিন বিক্ষোভ সমাবেশ করেন তারা। ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই তারা বিক্ষোভ করেন।