লালমোহনে সড়কের কাজে অনিয়ম
Printed Edition
লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহনে সড়ক সম্প্রসারণ কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ থেকে পূর্বমুখী মফিজুল ইসলাম কানু সড়কের হেরিংবোন সম্প্রসারণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ইতিমধ্যে সড়কের নিম্নমানের কাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তবু কর্তৃপক্ষের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন এলাকাবাসী।
জানা যায়, সড়কের দুই পাশে উন্নয়ন কাজের অংশ হিসেবে পিচ ঢালাইয়ের পরিবর্তে পুরনো পদ্ধতিতে ইট বসিয়ে হেরিং বন্ড করা হচ্ছে। ফলে কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ব্যবহৃত ইটের মান অত্যন্ত নিম্নমানের এবং যথাযথ বেডিং ও কম্প্যাকশন ছাড়া তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করা হচ্ছে। ফলে ইট বসানোর পরদিনই ভারী যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন অংশ দেবে যাচ্ছে। লালমোহন মহিলা কলেজের সামনে সদ্য নির্মিত অংশে ট্রাক চলাচলের কারণে একদিনের মধ্যেই রাস্তা বসে যাওয়ার ঘটনা স্থানীয়দের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা ও কাজের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে কাজ চলাকালে সংশ্লিষ্ট রোডস অ্যান্ড হাইওয়ের কর্মকর্তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মুঠোফোনে জানান, তিনি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং তদারকির জন্য অফিসের একজন স্টাফকে দায়িত্ব দেয়া হয়েছে।