গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
Printed Edition
বাসস
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। তিনি বলেন, একই সাথে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেয়াও সমান জরুরি।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গতকাল সোমবার সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর অফিস কক্ষে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাৎকালে পারস্পরিক সম্পর্ক জোরদারসহ দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে তথ্যমন্ত্রী বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনার ওপর জোর দেন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে বিশ্বের সব দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
জহির উদ্দিন স্বপন মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করে বলেন, সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সাথে নিয়মিত বৈঠক করছে। এসব বৈঠক থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করে একটি কার্যকর কর্মপরিকল্পনা বা ‘রোডম্যাপ’ তৈরি করা হবে। এ ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাদার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশী শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিশেষায়িত ক্যাটাগরিতে নিয়মিত বৃত্তি প্রদান করে থাকে। এর মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ ও পেশাজীবীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে তথ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশী শিক্ষার্থীর মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করেন এবং এর সুষ্ঠু বিচার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল এ সময় তথ্যমন্ত্রীকে অবহিত করে বলেন, ওই ঘটনায় অভিযুক্ত হত্যাকারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বৈঠকে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।