ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

রক্তঝরা একুশে ফেব্রুয়ারি বরণে আজ মধ্যরাত থেকেই ফুল হাতে জনতার ঢল নামবে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন শহীদ মিনারে। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদরা।

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কর্মীরা। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন সাজ সাজ রব। মূল বেদী পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা অঁাঁকা সব মিলিয়ে এক কর্মমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়।

শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, ধুলোবালি পরিষ্কার করে মূল মিনার ও বেদীকে ধুয়ে নতুন রূপ দেয়া হচ্ছে। ইতোমধ্যে মিনারের বেশ কিছু অংশে সাদা রঙের প্রলেপ পড়েছে। এ কাজে নিয়োজিত কর্মীরা জানান, মিনারের মূল কাঠামোর কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। রঙ করার কাজ শেষ হলেই মিনারের পেছনে প্রতীকী লাল সূর্যটি স্থাপন করা হবে। তাই শেষ সময়ে বেদীর আলপনার কাজ চলছে পুরোদমে। মূল চত্বরের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও রাস্তার আলপনার কাজে ব্যস্ত রয়েছেন ঢাবি চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

প্রস্তুতির বিষয়ে তারা জানান, সবাই মিলে একসাথে কাজ করছেন যাতে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আয়োজনটি সুন্দরভাবে শেষ করা যায়। তাদের ভাষ্য, চারুকলা অনুষদের পাঁচ শতাধিক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করছেন। ইতোমধ্যে লাইন টানার কাজ শেষ হয়েছে। আজকের মধ্যে সব কাজ শেষ হবে। শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, কেবল মূল মিনারই নয়, আশপাশের দেয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত গ্রাফিতি তৈরির প্রস্তুতিও চলছে। নি-িদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কাজও চলমান রয়েছে।

এ দিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পালনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল দুপুরে ডিএমপি সদরদফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। পুলিশের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।