আর্কটিকে নিরাপত্তা বাড়াতে একাট্টা ন্যাটো-ডেনমার্ক
Printed Edition
রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল নিয়ে কয়েক সপ্তাহের হুমকিতে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে আর্কটিকে নিরাপত্তা বাড়াতে একাট্টা হয়েছে ডেনমার্ক ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আর্কটিকে ন্যাটোর নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনের বিষয়ে শুক্রবার জোটটির মহাসচিব মার্ক রুত্তের সাথে একমত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। ডেনমার্ক বলেছে, এ অঞ্চলের ওপর তাদের সার্বভৌমত্ব আলোচনার বিষয়বস্তু নয়। তবে অন্যান্য অনেক বিষয় নিয়ে তারা আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ন্যাটো মহাসচিবের সাথে আলোচনার পর গ্রিনল্যান্ডে স্থায়ী ও পূর্ণ প্রবেশাধিকার পেয়েছে যুক্তরাষ্ট্র। এ দিকে ন্যাটো প্রধান এ-ও বলেছেন, উত্তরে রাশিয়া ও চীনের হুমকি দূর করার চেষ্টা জোরদার করতে হবে মিত্রদেশগুলোকে।
ডেনিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসনও একই মতপ্রকাশ করে ন্যাটো মহাসচিব রুত্তের সাথে ব্রাসেলসে তোলা একটি ছবিসহ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শুক্রবার বলেছেন, ‘আর্কটিকে ন্যাটো উপস্থিতি বাড়াতে হবে এ বিষয়ে আমরা একমত। আর্কটিকে প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদার করাটা গোটা ন্যাটো জোটের বিষয়।’
রুত্তে জানান, অঞ্চলটিতে প্রতিরক্ষা জোরদারে তিনি ডেনিশ নেতার সাথে কাজ করছেন। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী সফর করবেন ফ্রেডেনিকসেন। সেখানে তিনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বৃহস্পতিবার ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন। সামনে কিভাবে এগোনো হবে, তা নিয়ে একটি পরিকল্পনা করতে এই বৈঠক হয়।