ঝিকরগাছায় কৃষকের আড়াই বিঘা শসাক্ষেত নষ্ট
Printed Edition
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামে এক ভূমিহীন কৃষকের লিজ নেয়া আড়াই বিঘা শসাক্ষেত কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোহর আলী।
মোহর আলী জানান, তিনি অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করেন। চলতি মৌসুমে ধারদেনা করে শসার আবাদ করেছিলেন। গাছে ফল ধরতে শুরু করেছিল, কয়েক দিনের মধ্যেই বাজারে বিক্রি করার কথা ছিল। বৃহস্পতিবার ভোরে জমিতে গিয়ে দেখেন, পুরো ক্ষেত কেটে ফেলা হয়েছে। অনেক গাছ মাটিতে পড়ে আছে। কে বা কারা এ কাজ করেছে, তা তিনি জানেন না। এতে তিনি আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই কৃষি কর্মকর্তা বলেন, মোহর আলী ভূমিহীন কৃষক। তিনি অন্যের জমি বর্গা নিয়ে এ চাষ করেছিলন। যে ক্ষতি হয়েছে তার পরিমাণ উল্লেখযোগ্য। ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। অতিদ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় শাস্তি দাবি করেছেন তারা।