ঢাকা-১৫ আসনে জামায়াতের ব্যাপক গণসংযোগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৫ নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সন্ধ্যার পর থেকে নির্বাচনী এলাকার ১৬, ৪ ও ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পৃথক পৃথক মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এ আসনে লড়ছেন ১১ দলীয় জোটের প্রাথী ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

গতকাল সন্ধ্যায় ১৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তালতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শামীম সরণি ও হালিম ফাউন্ডেশন হয়ে মোল্লাপাড়া প্রদক্ষিণ করে তালতলা বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এতে প্রধান অতিথি ছিলেন।

মিছিলটির নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম। এ সময় উপস্থিত ছিলেন- মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল আহসান, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব শাহ আলম তুহিন, আবদুল আওয়াল আজম এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ। এ ছাড়াও ছাত্রশিবির ও শ্রমিক নেতারাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

একই দিনে ৪ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত গণসংযোগে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম ও থানা সেক্রেটারি আশিকুর রহমান।

অন্য দিকে সন্ধ্যা ৭টায় ১৪ নং ওয়ার্ডের শেওড়াপাড়া শামীম সরণি থেকে একটি মিছিল বের হয়ে ইকবাল রোড, আনন্দ বাজার ও বর্ডার বাজার হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে কাফরুল দক্ষিণ থানা আমির আবদুল মতিন খান এবং থানা সেক্রেটারি আতিকুর রহমান রায়হানসহ স্থানীয় নেতারা নেতৃত্ব দেন।

গণসংযোগকালে বক্তারা বলেন, ঢাকা-১৫ আসনে জামায়াতের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।