আস্ত মোবাইল টাওয়ার চুরি!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পুরনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়। ওই জেলায় ১৩২ ফুট উঁচু একটি বিশালাকার মোবাইল টাওয়ার ও এর সাথে থাকা ১৫ কেভিএ (কিলোভোল্ট-অ্যাম্পিয়ার) ক্ষমতার একটি জেনারেটর এক রাতেই গায়েব হয়ে গেছে।

জানা গেছে, বক্সার জেলার দুমরাও এলাকায় জিটিএল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির একটি মোবাইল টাওয়ার দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি কোম্পানির কিছু কর্মকর্তা ও কর্মচারী টাওয়ারটি মেরামত করতে ওই স্থানে যান। সেখানে পৌঁছে তারা স্তম্ভিত হয়ে যান। কারণ ১৩২ ফুট উঁচু সেই বিশাল টাওয়ারের কোনো অস্তিত্বই সেখানে ছিল না! টাওয়ারের পাশাপাশি সাইটে বসানো ১৫ কেভিএর জেনারেটর সেট এবং অন্যান্য মূল্যবান সরঞ্জামও চুরি হয়ে গেছে।

একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার মাঝখান থেকে এত বড় একটি টেলিকম টাওয়ার কীভাবে সবার চোখ ফাঁকি দিয়ে গায়েব হয়ে গেল, তা ভেবে স্থানীয় বাসিন্দারাও বিস্ময় প্রকাশ করেছেন।

টাওয়ার চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর কোম্পানির একজন প্রতিনিধি দুমরাও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

এদিকে জমির মালিক হরেনাথ যাদব ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, প্রায় ১০ বছর আগে টাওয়ারটি বসানোর জন্য কোম্পানির সাথে চুক্তি হয়েছিল। কিন্তু ২০২২ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় এবং কোম্পানি জমির ভাড়া দেয়াও বন্ধ করে দেয়। তিনি বলেন, ‘আমরা কোম্পানিকে চারবার নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আর এখন জানতে পারছি যে টাওয়ারটিই গায়েব হয়ে গেছে।’