সরকারি প্লট ও ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বিএনপি এমপিরা

Printed Edition

বাসস

সংসদে শপথ নেয়ার দিনই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, দলীয় কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না। মঙ্গলবার রাজধানীর সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই দলটির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি এমপিরা সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান ।

তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্নকে সামনে রেখেই সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে।’

এর আগে সকাল পৌনে ১১ টায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে শপথ নেন। দলীয় প্রধান তারেক রহমানসহ নির্বাচিত সদস্যরা সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন। শপথের মাধ্যমে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশের পাশাপাশি সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা জানিয়েছেন, সংসদীয় দলের বৈঠকে সরকারে বা বিরোধী দলে যে ভূমিকাই থাকুক না কেন, সংসদে সক্রিয় উপস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে। একই সাথে দলীয় এমপিদের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানানো হয়।