মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে : আইনমন্ত্রী

Printed Edition
first-9
মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। একই সাথে আইনের কোনো ধরনের অপব্যবহার হচ্ছে কি না, সে দিকেও সজাগ দৃষ্টি রাখা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

দীর্ঘ লড়াই ও আন্দোলনের প্রেক্ষাপটে সাধারণ মানুষের আকাক্সক্ষা অনেক বেড়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা গত ১৭ বছর ধরে লড়াই করেছেন এবং জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ স্মরণে রেখেই আমি কাজ করব। সামনে অনেক চ্যালেঞ্জ আছে, তবে মানুষের পাহাড় সমান যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে আমরা নিরন্তর কাজ করে যাব।

মন্ত্রী তার বক্তব্যে বিগত বছরগুলোর আন্দোলন এবং ২০২৪-এর জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচনী ইশতেহারকে ধারণ করে এগিয়ে যাওয়া। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যেকের চেতনাকে ধারণ করেই আমরা সামনের পথ চলব।’

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আমরা নিশ্চিত করতে চাই যে, আইনের যেন কোনো অপব্যবহার না হয়। যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে, তবে সেটি গুরুত্বের সাথে দেখা হবে।’

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, এ বিষয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই। তিনি বলেন, ‘আমরা কেন শপথ নিইনি, সে বিষয়ে আমাদের দলের মুখপাত্র ইতঃপূর্বেই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। নতুন করে আমার এখানে আর কোনো ব্যাখ্যা দেয়ার প্রয়োজন নেই।’

মন্ত্রণালয় নিয়ে নিজের প্রত্যাশা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মানুষ আইন মন্ত্রণালয়কে যে জায়গায় দেখতে চায়, আমিও মন্ত্রণালয়কে সে জায়গায়ই দেখতে চাই। তবে এটা আমি আপনাদের বলে রাখছি যে, মানুষের প্রত্যাশা পূরণ করাটাই আমাদের দায়িত্ব। দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

প্রথম কার্যদিবসে দায়িত্ব পালনের সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী সবাইকে নিষ্ঠার সাথে কাজ করে একটি জনবান্ধব আইনি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি সবাইকে ‘অফিসকে অফিসের মতো’ পরিচালনা করার নির্দেশ দেন।

এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘অফিসের মতো বলতে আমি বুঝিয়েছি এখানে কোনো দুর্নীতি থাকবে না। আমরা সবাই স্বচ্ছতা ও সততার সাথে কাজ করতে দায়বদ্ধ। কেউ যদি মনে করেন এই বেতনের টাকায় আপনার সংসার চলবে না, তবে চাকরি ছেড়ে আইন পেশায় চলে যেতে পারেন। কিন্তু অনিয়ম বরদাশত করা হবে না।’

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী আরো বলেন, ‘কারো বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ব্যক্তিগতভাবে আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা করব।’