২ কলেজছাত্রসহ নিহত ৬
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আরিয়ান রিমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত রিমন ১নং সাঁড়া ইউনিয়নের গোপালপুর বিএম কলেজের শিক্ষার্থী এবং উপজেলার গোপালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় আরআরপি তেল পাম্পের সামনে থেকে রিমনের লাশ ও আহত দু’জনকে উদ্ধার করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রিমনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ভারী যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দু’জনকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা লেগে আশিক (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু আলামিন (৩২) ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ঘিওর-বরংগাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর থানার মামুদনগর ইউনিয়নের কাটিগ্রামের মওলা মিয়ার ছেলে। তিনি কলিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন। আহত আলামিন ঝিনাইদহের শৈলকুপা থানার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে। তিনিও পেশায় টাইলস মিস্ত্রি। কাজের সুবাদে তারা দীর্ঘদিনের বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু মোটরসাইকেলে নাগরপুর থেকে বরংগাইল বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা দেয়। এতে দু’জনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই চালক আশিক মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে ইফতারসামগ্রী নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় নতুন নাহার এগ্রো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জাহেদ হাসান সুমন (২০)। তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে। আহত যুবকের নাম ইকবাল হোসেন (২৪)। তিনিও একই এলাকার মোহাম্মদ ছলিম উদ্দিনের ছেলে। তারা দু’জনই স্থানীয় নাহার এগ্রো গ্রুপে চাকরি করতেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতারসামগ্রী কিনে ফেরার সময় মহাসড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগামী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর এক্সপ্রেস সড়কের মাওয়ামুখী অংশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত ও অপর একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সড়কের ত্রুটি মেরামতের কাজ চলছিল। এ কারণে একটি ট্রাক মাওয়ামুখী লেনে থেমে ছিল। এ সময় একই দিক থেকে আসা আরেকটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার কেবিনে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রলিক যন্ত্রের সাহায্যে আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। পরে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। আহত ইমরান মণ্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ এলাকার আবদুল আজিজের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যানচলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, জেলার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মাদলা শহীদ পেট্রোলপাম্পের সামনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মো: দুলাল হোসেনের ছেলে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসকর্মী সাগর আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেল চালিয়ে পাবনার বেড়া উপজেলায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তিনি এদিন ওই স্থানে পৌঁছালে একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই হৃদয় নিহত হন।
ফুলতলা (খুলনা) সংবাদদাতা জানান, ফুলতলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম শহিদুল্লাহ প্রিন্স (৪৫) বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি গাড়াখোলা গ্রামের শেখ রওশন আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রিন্স ফুলতলা বাজার থেকে মোটরসাইকেলে তার দামোদর পূর্বপাড়া গ্রামস্থ বাড়ি ফিরছিলেন। খুলনা-যশোর মহাসড়কের বিদ্যুৎ অফিস পার হয়ে বাড়ির রাস্তায় টার্ন নেয়ার সাথে সাথেই যশোরগামী ট্রাক (অজ্ঞাত)-এর ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বিকেল আনুমানিক ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।