পীরগাছায় চাচাতো ভাইয়ের হামলায় চাচাতো বোন নিহত
Printed Edition
রংপুর ব্যুরো
রংপুরের পীরগাছায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাওলা ইউনিয়নের কিসামত ছাওলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কোব্বাত আলী (৫৬) ও তার বড় চাচা আবুল কাশেম (৭৫) এবং চাচাতো ভাই মমিনুল ইসলামের (৫৪) মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও রয়েছে। সম্প্রতি কোব্বাত আলী জামিনে মুক্ত হন।
ঘটনার দিন জমি ও মামলা নিয়ে মমিনুল ইসলামের সাথে তার চাচাতো বোন রোকেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মমিনুল, তার মা মমেনা বেগমসহ পরিবারের সদস্যরা লাঠি ও হাসুয়া দিয়ে রোকেয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শুক্রবার ভোরে তিনি মারা যান।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোকেয়ার চাচী মমেনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও একটি ব্যাট উদ্ধার করা হয়েছে এবং থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
নিহতের ভাই কোব্বাত আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের জমিবিরোধের জেরে পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।